আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা তামিম ইকবালের ব্যস্ততা কেবল বিপিএল আর ঘরোয়া ক্রিকেট ঘিরে। কিন্তু সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাক করার পর এখনো ফেরেননি প্রতিযোগিতামূলক ক্রিকেটে।
এর মধ্যেই তামিমকে নিয়ে গুঞ্জন, আসতে পারেন বিসিবিতে। কেউ কেউ তো সভাপতি পদেও খুঁজে পান সাবেক টাইগার ওপেনারকে।
তামিম প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে মোহামেডানকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নবাগত দল গুলশান ক্রিকেট ক্লাবের মালিকানাতেও ছিলেন। সে হিসেবে ক্লাব কোটায় কাউন্সিলরশিপও পেতে পারেন।
সব মিলিয়ে তামিমকে নিয়ে নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কী ভাবছেন? বোর্ডে নাকি অন্য কোনো ভূমিকায় কাজে লাগাবেন তামিমকে?
সম্প্রতি জাতীয় দৈনিক আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বুলবুল যেমনটা বলছিলেন, 'জানতে পেরেছি, তামিম একটা ক্লাবের হয়ে কাউন্সিলরশিপ নিয়েছে। যখন বোর্ডের নির্বাচন হবে, হি ইজ ওয়েলকাম। অন্যভাবে যদি সুযোগ থাকে তামিমের বিশেষজ্ঞ জ্ঞান কাজে লাগানোর, বলেছি, আমাদের সাবেক ক্রিকেটারদের যতভাবে কাজে লাগানো যায়।’
তামিম চলতি বছর জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন। ২০২৩ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা তামিমকে আরও কিছু দিন মাঠে দেখতে চেয়েছিলো সমর্থকরা। একই আশায় ছিলেন বুলবুলও।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'তামিম আমাদের আরেকজন কিংবদন্তি। অসাধারণ এক ক্রিকেটার। আশা করেছিলাম, তামিম আরও খেলবে। তবে সে নিজেই সিদ্ধান্ত নিয়েছে, আর খেলবে না।’