মার্চে চ্যাম্পিয়ন্স লিগে হুলিয়ান আলভারেজের পেনাল্টি নিয়ে এক সিদ্ধান্তে বিতর্ক সৃষ্টি হয়েছিল। পা পিছলে যাওয়াতে দু’বার বলে স্পর্শ লাগায় বাতিল হয় গোল! রিয়াল মাদ্রিদের কাছে পরে ওই ম্যাচ হেরে যায় অ্যাতলেতিকো মাদ্রিদ। সেই ঘটনায় পেনাল্টির নিয়ম পরিবর্তনে বাধ্য হয়েছে ফুটবলের নিয়ম প্রণয়নকারী সংস্থা আইএফএবি। অর্থাৎ এখন কারও অনিচ্ছাকৃত দু’বার বলে পা লাগলে তাহলে নতুন করে আবার শট নেওয়ার সুযোগ পাবেন তিনি।
নিয়মের এই পরিবর্তনের বিষয়টি উয়েফা আয়োজিত ম্যাচগুলোতেই কার্যকর হবে বুধবার। নেশন্স লিগে এদিন জার্মানির মুখোমুখি পর্তুগাল। এতদিন দুর্ঘটনাবশত বলে দু’বার পা স্পর্শ লাগার ক্ষেত্রে নতুন করে শট নেওয়ার নিয়ম ছিল না। এখন থেকে সেই পরিবর্তন কার্যকর হবে।
অবশ্য মাদ্রিদে পেনাল্টি কিক এবং পেনাল্টি শুটআউট সংক্রান্ত ফুটবল আইনের প্রয়োগকে যথাযথ বলেই দেখা হচ্ছে। যদিও আইনের ভাষা অত্যন্ত অস্পষ্ট ছিল। ঘটনাটি অনেকেই অন্যায় মনে করেছেন, কারণ আলভারেজ ইচ্ছাকৃতভাবে পা পিছলে দ্বিতীয়বার বলে স্পর্শ করেননি।
ফুটবলের নিয়ম প্রণয়নকারী সংস্থা আইএফএবি বিবৃতিতে বলেছে, ‘এই পরিস্থিতি বিরল। যেহেতু এটি ধারা ১৪-তে সরাসরি উল্লেখ নেই, তাই রেফারিরা সাধারণত কিকপ্রদানকারীর বিরুদ্ধেই সিদ্ধান্ত দিয়ে থাকেন। তবে, ধারা ১৪-এর এই অংশ মূলত সেই পরিস্থিতির জন্য প্রযোজ্য, যেখানে পেনাল্টি নেওয়া খেলোয়াড় অন্য কোনও খেলোয়াড় বল ছোয়ার আগেই ইচ্ছাকৃতভাবে বলটি দ্বিতীয়বার স্পর্শ করে।’
আইএফএবি একটি চিঠির মাধ্যমে ফুটবলের সংশ্লিষ্ট পক্ষগুলিকে জানিয়েছে, এখন থেকে যদি দুর্ঘটনাবশত দ্বিতীয় স্পর্শের পর কোনও পেনাল্টি গোল হয়, তাহলে সেটি পুনরায় নেওয়া হবে। যদি দ্বিতীয় ছোঁয়ায় পেনাল্টি থেকে গোল না হয়, তখন অবশ্য সেটি পুনরায় নেওয়া হবে না। শুটআউটে এই ধরনের পেনাল্টি ‘ব্যর্থ’ হিসেবে গণ্য হবে এবং নিয়মিত সময় বা অতিরিক্ত সময়ে তখন প্রতিপক্ষ দলকে একটি ফ্রি কিক দেওয়া যেতে পারে।
এখন এই ব্যাখ্যাকৃত নিয়মটি ক্লাব বিশ্বকাপেও প্রয়োগ করা হবে। যা শুরু হবে ১৪ জুন।