বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক হয়েছেন মেহেদী হাসান মিরাজ। আগামী ১ বছরের জন্য ওয়ানডে অধিনায়ক হিসেবে মিরাজকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
ওয়ানডেতে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন নাজমুল হোসেন শান্ত। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ১ বছরের জন্য তিন ফরম্যাটের অধিনায়ক হয়েছিলেন শান্ত। পরে টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দেন তিনি। এবার ওয়ানডে থেকেও তাকে সরিয়ে দিল বিসিবি।
নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে বেছে নিয়েছে বাংলাদেশ। লম্বা সময় ধরেই ওয়ানডেতে দলের অবিচ্ছেদ্য অংশ মিরাজ। ১০৫ ওয়ানডে খেলে ১১০ উইকেট নিয়েছেন মিরাজ, রান ১৬১৭। আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে বর্তমানে ৪র্থ স্থানে রয়েছেন মিরাজ, বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন তিনিই।
বিসিবির প্রেস বিজ্ঞপ্তিতে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের বিবৃতিতে জানানো হয়েছে, ‘ব্যাট ও বল হাতে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স, তার লড়াই ও দলকে অনুপ্রাণিত করার ক্ষমতা, মাঠ ও মাঠের বাইরে প্রাণচাঞ্চল্যে ভরপুর উপস্থিতি— তাকে এই পালাবদলের সময়ে ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত মনে করেছে বোর্ড। আমাদের বিশ্বাস তার ওই টেম্পারমেন্ট ও ম্যাচিউরিটি আছে বাংলাদেশকে এই সংস্করণে এগিয়ে নেওয়ার জন্য।’
আসন্ন শ্রীলঙ্কা সফর দিয়েই পাকাপাকিভাবে ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে মিরাজের। এর আগে আফগানিস্তানের বিপক্ষে এক ওয়ানডে এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট ও ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করেছিলেন মিরাজ। তবে সবই ছিল নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে।
এবার পাকাপাকিভাবে নেতৃত্ব পেলেন মিরাজ। আগামী ১ বছর ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়কের দায়িত্বে দেখা যাবে মিরাজকে।